জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার ২৩ জুলাই সকালে রাজধানীর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ আদালতে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, আদালতে যাওয়ার উদ্দেশে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে গুলশানের বাসভবন থেকে রওনা হন খালেদা জিয়া। সকাল সোয়া ১০টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছান বিএনপির চেয়ারপারসন।
এর আগে গত ১৮ জুন এই মামলার শুনানিতে খালেদা জিয়া উপস্থিত ছিলেন। ওই দিন বিচারক শুনানির পরবর্তী তারিখ ২৩ জুলাই নির্ধারণ করেন।
এ দুই মামলার বিচার চলছে ঢাকা আলিয়া মাদ্রাসা সংলগ্ন কারা অধিদপ্তর প্যারেড মাঠে বিশেষ এজলাসে।
সর্বশেষ গত ১৮ জুন খালেদা জিয়া এ দুই মামলায় আদালতে এসেছিলেন। ওইদিন জিয়া দাতব্য ট্রাস্ট মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে জেরা শুরু করে আসামিপক্ষ। বাকি জেরা সম্পন্ন করার জন্য বিচারক আবু আহমেদ জমাদার ২৩ জুলাই দিন ঠিক করে দেন।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দুটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলা দুটিতে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ৭১ লাখ ৬৭১ টাকা আত্মসাৎ এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ করেছে দুদক।
বিএনপি দাবি করে আসছে, তাদের চেয়াপারসনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা করা হয়েছে এবং তা এগিয়ে নিচ্ছে বর্তমান সরকার।


