বিউটি পার্লারের আড়ালে ম্যাসেজ পার্লার পরিচালনা এবং আসামাজিক কার্যক্রম চালানোর দায়ে বাংলাদেশের রাজধানী ঢাকার ফার্মগেট এলাকার একটি পার্লার থেকে ২৬ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন সেনাবাহিনীর কর্মকর্তাও রয়েছেন।
বৃহস্পতিবার ২৩ জুলাই বিকেল পৌনে চারটার দিকে ফার্মগেটের ‘রহমান ম্যানসন’ নামের একটি ভবনের দ্বিতীয় তলায় ওই পার্লারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তেজগাঁও থানার ডিউটি অফিসার এএসআই আজাদ জানান, পার্লার ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকেই এখানে অসামাজিক কর্মকাণ্ড চলছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পার্লার থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২৬ জন নারী, যারা এই পার্লারে কাজ করতেন। এছাড়া কর্মচারী ও সেখানে সেবা নিতে যাওয়া ৫ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান এএসআই আজাদ। তবে অভিযানে আটক সেনা সদস্যকে তার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম।
সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদেকুর রহমানের সঙ্গে আটক অন্যরা হলেন আজিজুল হক (৫২), আব্দুল মান্নান (২৩), হাফিজ (৪৫), নুরু মিয়া (৬৩) ও সোহেল রানা (২৮)।
আকস্মিক এই অভিযানের কারণ জানতে চাইলে ওসি বলেন, “তেজগাঁও থানা এলাকায় বেশ কয়েকটি ম্যাসাজ পার্লারের আড়ালে যৌন ব্যবসা হত। তা পুলিশের নজরে এলে সেগুলো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ঈদের পর আবার তা চালু হয়েছে জানতে পেরে পূর্ব তেজতুরী বাজারের রহমান ম্যানশনে অভিযান চালানো হয়।”
অনুমোদনহীন ওই ম্যাসেজ পার্লারের কোনো নাম ছিল না বলেও জানান ওসি।
ক্যাপ্টেন সাদেককে সেনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা পুলিশ কর্মকর্তা মাজহার জানালেও বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) যোগাযোগ করা হলে জানানো হয়, এই বিষয়ে তাদের কিছু জানা নেই।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


