শিশু রাজন হত্যা মামলায় পুলিশের তথ্য গোপন, মিথ্যা তথ্য সংযোজন, ঘুষ গ্রহণের মাধ্যমে অপরাধীদের রক্ষার পাঁয়তারা ও রাজনের পিতার সাথে দুর্ব্যবহার তদন্তে গঠিত কমিটি বৃহস্পতিবার রাতে প্রতিবেদন জমা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির মুখপাত্র রহমত উল্লাহ। তিনি বলেন, রাত সাড়ে ১০টায় তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। তবে প্রায় ৪০০ পৃষ্ঠার এ প্রতিবেদন বিস্তারিত না দেখা পর্যন্ত এ ব্যাপারে কোন কিছু বলা যাচ্ছে না।
এদিকে বৃহস্পতিবার সারাদিন সময়ক্ষেপনের পর রাত ১০টার পর এই প্রতিবেদন দাখিল করেন তদন্তের দায়িত্বে নিয়োজিতরা। এসএমপির কমিশনার কামরুল আহসানের কাছে এই প্রতিবেদন জমা দেয়া হয়। তবে এই প্রতিবেদনে কি সুপারিশ করা হয়েছে তা স্পষ্ট করে বলছেন না দায়িত্বশীল কেউ।
গত ৮ জুলাই নির্যাতন করে শিশু রাজনকে হত্যা করা হয়। দুপুর ১টার দিকে মাইক্রোবাসযোগে তার লাশ গুম করার চেষ্টা করার সময় নগরীর কুমারগাঁও এলাকায় জনতা গাড়িসহ আসামি মুহিতকে আটক করে। পরে রাজনের বাবা গাড়িচালক আজিজুর রহমান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছেলের লাশ শনাক্ত করেন। লাশের শরীরে ৬৪টি আঘাতের চিহ্ন ছিল বলে ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়।
হত্যাকাণ্ডের এ ঘটনায় আসামি মুহিতকে বাঁচাতে এবং মুহিতের সৌদিপ্রবাসী ভাই কামরুলকে পালিয়ে যেতে সিলেটের জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন ও এসআই আমিনুল ইসলাম সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ করেন রাজনের বাবা। এছাড়া দায়িত্বে অবহেলা ও রাজনের বাবার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগও ওঠে পুলিশের এই দুই কর্মকর্তার বিরুদ্ধে।
রাজনের বাবার এ অভিযোগের প্রেক্ষিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. কামরুল আহসানের নির্দেশে গত ১৪ জুলাই সিএমপির অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিনকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। কমিটির অন্য সদস্যরা হচ্ছে ডিসি (ট্রাফিক) মুশফেকুর রহমান ও এডিসি (দক্ষিণ) জিদান আল মূসা।
এই তদন্ত কমিটি ১৭ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দেয়ার কথা ছিল। কিন্তু, ওই দিন তদন্ত কমিটি আরো পাঁচ দিনের সময় চান। অবশেষে বৃহস্পতিবার রাতে রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি।
এ ব্যাপারে কথা বলতে এসএমপি কমিশনার কামরুল আহসান ও তদন্ত কমিটির প্রধান মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিনকে ফোন করা হলে তারা ফোন ধরেননি। এসএমপি কার্যালয়ের অপর এক সূত্র জানায়, তদন্ত প্রতিবেদন জমার পর সংশ্লিষ্ট দায়িত্বশীলরা প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখছেন।
নিজস্ব প্রতিবেদক,সিলেট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


