বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফের বিএনপির সংলাপের দাবি

জাতীয় নির্বাচন ও রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সচল ও কার্যকর করতে সরকারের প্রতি ফের সংলাপের দাবি জানিয়েছে বিএনপি।

২৫ জুলাই শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।বলেন, জাতীয় নির্বাচন ও রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সচল ও কার্যকর করতে সরকারের প্রতি আমরা আবারো সংলাপের দাবি জানাচ্ছি। একইসঙ্গে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চালানোর গ্যারান্টিও সরকারের কাছে আমরা দাবি করছি।

রিপন বলেন, রাজনৈতিক দল তাদের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু পরিতাপের বিষয়, দেশের প্রধান বিরোধীদল বিএনপি, অথচ দলটি তাদের স্বাভাবিক কোনো কর্মকাণ্ড চালাতে পারছে না। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করে রাখা হয়েছে।

তিনি বলেন, বিএনপি স্বাভাবিক কর্মকাণ্ড চালানোর গ্যারান্টি চায়। এর পূর্বশর্ত হিসেবে আমরা আমাদের দলের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

বিএনপির এই ‍নেতা বলেন, সরকারি দলের নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটি আছে। এরই মধ্যে তারা তাদের সকল মামলা প্রত্যাহারও করেছে। অথচ বিরোধীদলের নেতাদের মামলা প্রত্যাহার তো হয়নি, বরং প্রতিনিয়ত নতুন নতুন মামলা দিয়ে জর্জরিত করা হচ্ছে।

রিপন বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় তার নামে মিথ্যা মামলায় তিনি নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছেন। সমস্ত বিচার প্রক্রিয়া যেন খালেদা জিয়া ও বিরোধীদলের জন্য কার্যকর।

তিনি আরো বলেন, এসব বিরোধীদলকে দুর্বল করার কৌশল। সরকার যে পদক্ষেপ নিয়েছে তা ভুল। বিরোধীদলকে চাপের মুখে রেখে সরকার লাভবান হতে পারে না। এসব পদক্ষেপে সাময়িকভাবে সরকার ক্ষমতায় থাকতে পারলেও জনগণের তুষ্টি কমে যাবে।

আরও পড়ুন