বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিতি অসুস্থ। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। ঢাকার কয়েকটি হাসপাতালে সুচিকিৎসা না পেয়ে তিনি চেন্নাইয়ের একটি হাসপাতালে গত ২৫ জুলাই ভর্তি হয়েছেন।
পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজারের ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান।
শারীরিকভাবে বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তবে ঈদের কয়েকদিন আগে হঠাৎ করেই শারীরিকভাবে বেশি অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দিতি।
তাৎক্ষণিকভাবে ঢাকায় চিকিৎসা করালেও উন্নত চিকিৎসার জন্য ২৫ জুলাই ভারতের চেন্নাইয়ের হাসপাতালে নেয়া হয়। সঙ্গে আছেন তার মেয়ে লামিয়া।
ভারতে যাওয়ার আগে তিনি জানিয়েছেন, ‘চারদিন হসপিটালে ঘুরে চেন্নাই যাচ্ছি চিকিৎসার জন্য। আর বেশি কিছু বলতে পারবো না। সবাই আমার জন্য যেন একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। আমি যেন সবার মাঝে সুস্থ হয়ে ভালো হয়ে ফিরে আসতে পারি।’
এরপর আর নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানাননি দিতি। ঈদের আগে থেকেই শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন দিতি। যে কারণে ঈদে তেমন কোনো কাজই করতে পারেননি তিনি।
ঈদের দিনটিও পরিবারের সদস্যদের সঙ্গে ভালো কাটেনি দিতির। দিতির জন্য তার ভক্ত এবং দেশবাসী যেন দোয়া করেন এবং তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন এমনটাই আশা করছে চলচ্চিত্রাঙ্গনের সবাই।
এরই মধ্যে দিতি দুইটি নতুন ধারাবাহিক নাটকে কাজ করছিলেন। দুইটি নাটকেরই রচয়িতা রুদ্র মাহফুজ। একটি ‘লাইফ ইন এ মেট্রো’ এবং অন্যটি ‘মেঘে ঢাকা শহর’। পাশাপাশি তিনি বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’ চলচ্চিত্রের কাজ করছিলেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


