২০১৪ সালে জেলা প্রশাসক সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলোর প্রায় সবগুলোই বাস্তবায়িত হয়েছে। ২৬ জুলাই রোববার ঢাকায় এক সরকারি ঘোষণায় এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেইন ভূঁইয়া।
এক সংবাদ সম্মেলনে সচিব বলেন, গতবছর জেলা প্রশাসক সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলোর ৯৩ শতাংশ বাস্তবায়িত হয়েছে।
এ বছরের তিনদিনের জেলা প্রশাসক সম্মেলন মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সম্মেলনে জেলা প্রশাসকরা তাদের অভিজ্ঞতা, ধারণা ও গুরুত্বপূর্ণ বিষয় এবং মাঠপর্যায়ে সরকারের নীতিমালায় বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করবেন।
মোশাররফ হোসেইন ভূঁইয়া সরকারি তথ্য-উপাত্ত থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, ২০১২ সালে ৯১ শতাংশ এবং ২০১৩ সালে ৯২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।
তিনি বলেন, জেলা প্রশাসকরা তিন দিনব্যাপী এ সম্মেলনের ২২টি কর্মঅধিবেশনের মধ্যে ১৮টি কর্মঅধিবেশনে ৩৯টি মন্ত্রণালয়ের ২৫৩টি প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। জেলা প্রশাসকরা ২৯ জুলাই বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
কর্মঅধিবেশনগুলো মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এতে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রতিটি অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সম্মেলনের আলোচনায় ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃংখলা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কর্মকা-, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, তথ্য যোগাযোগ প্রযুক্তি ও ই-গভর্ন্যান্স, গুণগত শিক্ষা, স্বাস্থ্য পরিচর্যা ও পরিবার কল্যাণ, পরিবেশ রক্ষা ও দূষণ রোধ এবং উন্নয়ন কর্মকান্ড প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। বাসস


