বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি কালাম আর নেই

apj kalamভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী এ পি জে আব্দুল কালাম আর নেই। তার বয়স হয়েছিল ৮৪ বছর। ২৭ জুলাই সোমবার মেঘালয়ের শিলংয়ে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে পড়ে যান কালাম। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয়া হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী দেশ ভারতের সাবেক রাষ্ট্রপতি কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বলে তার প্রেস সচিব ইহসানুল করীম জানিয়েছেন।
ভারতে ‘মিসাইলম্যান’ নামে পরিচিত এই বিজ্ঞানী দেশটির ১১তম রাষ্ট্রপতি ছিলেন। কালাম ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন।
শিলংয়ের রাজভবন সূত্রে জানানো হয়, সোমবার সন্ধ্যায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম)-এ ‘লিভাবল প্ল্যানেট আর্থ’ শীর্ষক আলোচনাসভায় অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই ভাষণ দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে বেথেনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়য়, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এসময় মেঘালয়ের রাজ্যপাল ভি সন্মুগানথান হাসপাতালে ছিলেন।
১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাড়ুর একটি ছোট শহরে জন্ম নেওয়া এপিজে আব্দুল কালাম ২০০২ সাল থেকে ২০০৭ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
ভারত তাকে সম্মানিত করেছে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’ দিয়ে।
রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় কাজ করেছেন।
অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে তিনি ভারতের প্রথম মহাকাশ যান এসএলভি-৩ তৈরিতে প্রধান ভূমিকা রাখেন। ওই মহাকাশ যান দিয়েই ১৯৮০ সালে ভারত প্রথম ক্ষেপণাস্ত্র রোহিনী উৎক্ষেপণ করে।
ভারতের কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা (স্ট্র্যাটেজিক মিসাইল সিস্টেমস) এবং ১৯৯৮ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষায়ও প্রধান ভূমিকা রাখেন এই বিজ্ঞানী। অবশ্য পরবর্তী সময়ে তিনি নিজেকে যুক্ত করেন পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচারে।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন