বাংলাদেশে গণমাধ্যম থাকবে কিন্তু অপসাংবাদিকতা নয়, গণতন্ত্র থাকবে কিন্তু অপরাধী নয়- বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম আয়োজিত গোল্ডেন ওয়ার্ল্ড সেরা সাংবাদিক পুরস্কার ২০১৪ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। মঙ্গলবার ২৮ জুলাই তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী অশ্লীলতা, মিথ্যাচার, উসকানি, নির্মমতা, খণ্ডিত তথ্য এবং অতিরিক্ত বিজ্ঞাপনের ভার থেকে দর্শকদের রক্ষা করার জন্য টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি আহ্বান জানান।
গণমাধ্যম ও গণতন্ত্র হাত ধরাধরি করে চলে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, সম্প্রচার মাধ্যমের বৃহত্তর বিকাশ এবং দর্শকদের অধিকার রক্ষার জন্য দর্শকদের মতামত, পরামর্শ বা অভিযোগ নিষ্পত্তির বিষয়টি স্বাধীন সম্প্রচার কমিশনের ওপর ন্যস্ত করবে সরকার।
তথ্যমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বলেন, ‘খালেদা জিয়ার বিচারের মানে বিএনপিকে ভাঙা বা ধ্বংস করা নয়, বরং গণতন্ত্রকে শক্তিশালী করতে অপরাধের সঙ্গে জড়িত খালেদা ও তারেককে বর্জন করার সৎ সাহস বিএনপির থাকা উচিত।’
তিনি আরও বলেন, ‘একাত্তর-পঁচাত্তর-একুশে আগস্ট-আগুন সন্ত্রাসের অপরাধীদের রাজনীতিতে রাখা হবে কি হবে না দেশ এখন সেই প্রশ্নের মুখোমুখি। সময় এসেছে, রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে অপরাধী নেতা-নেত্রীকে আইনের হাতে তুলে দেওয়া।’
বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের আহ্বায়ক সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী পুরস্কারপ্রাপ্ত টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি, অনুষ্ঠানের পরিচালক ও পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইসরাফ হোসেন, গোল্ডেন ওয়ার্ল্ড জুয়েলার্সের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ফরিদা হোসেন এবং টেলিপ্রেসের প্রধান নির্বাহী রাজু আলী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রীর বক্তব্যের আগে দর্শক জরিপে সেরা সাংবাদিক ও অনুষ্ঠান নির্মাতাদের পুরস্কৃত করা হয়। সেরা বিনোদন টিভি চ্যানেল বিভাগে সর্বোচ্চ ভোট পেয়ে চ্যানেল আই শীর্ষ অবস্থান দখল করে।
অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয় গোল্ডেন ওয়ার্ল্ড এর ব্যাবস্থাপনা পরিচালক ফরিদা হোসেন, টেলিপ্রেস এর সিইও রাজু আলীমকে। ক্যাবল টিভি দর্শক ফোরামের পক্ষ থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে শুভেচ্ছা স্মারক তুলে দেন ফোরামের প্রতিষ্ঠাতা আহমেদ সিরাজ ও আহ্বায়ক সাহাবউদ্দিন সাহাব।
ইলেক্ট্রনিক মিডিয়ার সেরা সাংবাদিক বিভাগে গোল্ডেন ওয়ার্ল্ড সেরা সাংবাদিক পুরস্কার ২০১৪ পেয়েছেন হাসান মিসবাহ (একুশে টিভি), রোকনুজ্জামান পারভেজ (শরিয়তপুর প্রতিনিধি, এটিএন নিউজ), খান মুহাম্মদ রুমেল (সময় সংবাদ), এম সাঈদ খান (বৈশাখী টিভি) এবং রাশেদ নিজাম (চ্যানেল ২৪)। এ ছাড়াও সেরা অনুসন্ধানমূলক অনুষ্ঠান বিভাগে যমুনা টিভির ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি, সেরা পরিবেশ বিষয় অনুষ্ঠান প্রকৃতি ও জীবন (চ্যানেল আই), সেরা টক শো কথামালা (এটিএন বাংলা)।
অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারও দুজন ক্যাবল অপারেটরকে বেস্ট নেটওয়ার্ক বিজনেস এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ বছর যারা পুরস্কার পেলেন তারা হলেন চিটাগাং মাল্টি চ্যানেল লিমিটেডের পরিচালক কামরুল আলম শামীম ও পিএমএন ক্যাবল টিভি নেটওয়ার্কের (দিনাজপুর) চেয়ারম্যান মাহমুদুন নবী পলাশ।


