শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ রাজনৈতিক প্রভাবমুক্ত করতে বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) আদলে একটি শিক্ষক কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বলেন, শিক্ষক পেশায়ও কিছু দুর্নীতিবাজ অসৎ শিক্ষক রয়েছেন- যারা ছাত্রছাত্রীদের এমসিকিউ প্রশ্নপত্র দেখে জানিয়ে দেন। তারা রেহাই পাবেন না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে জেলা প্রশাসকদের।
এছাড়া মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে এবং মাধ্যমিক স্থরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও শিক্ষা কার্যক্রমে তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।
২৮ জুলাই মঙ্গলবার ডিসি সম্মেলনের প্রথম দিনে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
নাহিদ বলেন, কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমে প্রয়োজনীয় উপকরণ না থাকায় কার্যক্রম কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করা যাচ্ছে না বলে জানিয়েছেন ডিসিরা। আমি সে বিষয়ে বলেছি পরীক্ষাব্যবস্থা পরির্বতনের চিন্তা করা হচ্ছে। মাল্টিমিডিয়া ক্লাসরুমের সংখ্যা বাড়ানো হবে।


