বুধবার ৪ নভেম্বর ২০২৬

বুধবার মেয়র আনিসুল হকের প্রথম বাজেট

1432645726ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হচ্ছে ২৯ জুলাই বুধবার। মেয়র নির্বাচিত হওয়ার পর এটাই আনিসুল হকের প্রথম বাজেট।

বুধবার দুপুর দেড়টায় ডিএনসিসির উত্তরা কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট ঘোষণা করা হবে। ঢাকা সিটি বিভক্ত হবার পরে নির্বাচিত মেয়রের এটা প্রথম বাজেটও বটে।

সিটি করপোরেশন সূত্র জানায়, নতুন কর আরোপ ছাড়া এবার ১৬০০ কোটি টাকার বাজেট ঘোষণা করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র।

সূত্র জানায়, এবারের বাজেটে মোট ব্যয় ধরা হচ্ছে ১৬০০ কোটি টাকা। এর মধ্যে সিটির নিজস্ব তহবিল থেকে ৯০০ কোটি টাকা এবং সরকার ও অন্যান্য উৎস থেকে বাকি অর্থের যোগান দেয়া হবে। তবে এবার নতুন করে কর আরোপ করা না হলেও বিদ্যমান করের হারকে পুনর্মূল্যয়ন করে রাজস্ব আদায় বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

টাকার হিসেবে ডিএনসিসি বাজেটের আকার এবার কমতে যাচ্ছে। গত ২০১৪-১৫ অর্থবছরে ২ হাজার ৪১ কোটি ৮৭ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিল এ সিটি।

আরও পড়ুন