বুধবার ৪ নভেম্বর ২০২৬

আফ্রিকায় আটক বাংলাদেশি জাহাজ ৮ নাবিকসহ মুক্ত

Dahiatul_Kalviবাংলাদেশী পতাকাবাহী জাহাজ ‘এমভি দাহিয়াতুল কালবি’ এবং এর ৮ নাবিক গিনির কোনাক্রি বন্দর থেকে মুক্ত হয়েছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। যদিও জাহাজটিতে ২৭ নাবিক থাকা অবস্থায় সেখানে আটক হয়। তবে বাকি ১৯ জনের কি হয়েছে তা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়নি।

জাহাজটি গত বছরের ৩০  অক্টোবর গিনির কোনাক্রি বন্দরে পৌঁছালে চার্টারার বিলম্বে পৌঁছানোর অভিযোগে গিনির স্থানীয় কোর্টে মামলা দায়ের করে নাবিকদের সহ জাহাজটি প্রথমবারের মত ৭ নভেম্বর ২০১৪ আটক করে এবং পরে জাহাজটি একাধিক মামলার সম্মুখীন হয়।

নাবিকদের স্বজনেরা জানান, ‘এমভি দাহিয়াতুল কালবি’ নামের ওই জাহাজের মালিক বাংলাদেশের কন্টিনেন্টাল লাইনার এজেন্সিস। গত বছরের জুনে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটিতে ওঠেন নাবিকেরা। ভারত থেকে চাল বোঝাই করে গিনির কোনাক্রি বন্দরের উদ্দেশে যাত্রা করে জাহাজটি। কিন্তু গিনিতে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে নাবিকেরা সে দেশের কোনো বন্দরে জাহাজ নিয়ে যেতে চাননি। এ কারণে জাহাজটি কনাক্রি বন্দরে ভিড়তে দেরি হয়।

জাহাজ থেকে চাল খালাসের পর আমদানিকারক অভিযোগ করেন, জাহাজটি দেরিতে পৌঁছানোয় তাঁর ব্যবসায়িক ক্ষতি হয়েছে। এ অভিযোগে সে দেশের আদালতে মামলা করেন আমদানিকারক।

জাহাজের মালিক পক্ষ এবং সমুদ্র পরিবহন অধিদপ্তর বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় কে চলতি বছরের ২৬ মে জানায়। বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায়, মন্ত্রণালয় জরুরী  ভিত্তিতে  জাহাজ এবং নাবিকদের মুক্তির অনুরোধ জানিয়ে গিনির পররাষ্ট্র মন্ত্রণালয়- কে চিঠি পাঠায়।

গিনি-তে বাংলাদেশের দূতাবাস না থাকায়, মরক্কোর রাবাতস্থ বাংলাদেশ দূতাবাস চিঠি গিনি সরকারের কাছে উপস্থাপন করে। পরবর্তীতে পররাষ্ট্র সচিব সৌদি আরবের জেদ্দায় ১৬-১৯ জুন অনুষ্ঠিত ওআইসি’র মিনিস্টারিয়াল মিটিং অন দ্য সিচুয়েশন ইন ইয়েমেন’-এর বৈঠকের সাইডলাইনে গিনি’র প্রতিনিধিদের কাছে বিষয়টি উপস্থাপন করেন।

তিনি বাংলাদেশী পতাকাবাহী জাহাজ ’এমভি দাহিয়াতুল কালবি’ এবং নাবিকগণের দ্রুত মুক্তির জন্য গিনি সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিশেষ অনুরোধ জানান। তাছাড়া মরক্কোর রাবাতস্থ বাংলাদেশ দূতাবাস গিনি সরকারের সাথে প্রয়োজনীয় যোগাযোগ করছিল। এর ধারাবাহিকতায় এবং জাহাজের মালিক পক্ষের প্রচেষ্টায় বুধবার ২৯ জুলাই জাহাজ ‘এমভি দাহিয়াতুল কালবি’ আইএমও নং- ৮৩১১৩৭৬ এবং নাবিকগণ আট মাস পর গিনির কোনাক্রি বন্দর থেকে মুক্তি পায়।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন