মিশরে একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডে ২৫ জন মারা গেছেন। রাজধানী কায়রোর ৩৫ কিলোমিটার উত্তরের এল ওবোউর শহরে মঙ্গলবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনীর ২০টিরও বেশি গাড়ি কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। মিশরীয় কর্মকর্তারা জানিয়েছে, মঙ্গলবারের এ অগ্নিকাণ্ডের ঘটনায় আরো ২২ জন অগ্নিদগ্ধ হয়েছেন। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ওই কারখানাটিতে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কারখানাটি সরকারি নিরাপত্তা ছাড়পত্র ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছিল। একই দিন দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায় অপর একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন আহত হন। বিবিসি।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


