সীমান্ত এলাকায় স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। অপরদিকে মানবপাচাররোধে বাণিজ্যিকভাবে জনশক্তি রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাস বিএসসি। এর মাধ্যমে সমুদ্রপথে বিদেশ যাওয়া কমে যাবে। স্বল্প ব্যয়ে মানুষ বিদেশ যেতে পারবেন।
জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন দ্বিতীয় অধিবেশনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানান।
এ সময় আলোচনায় প্রবাসীদের পরিবারের নিরাপত্তাহীনতা এবং তাদের সম্পদ বিধিবর্হিভূতভাবে জবরদখল হওয়ার প্রবণতা রয়েছে। এ ধরনের প্রবণতা থেকে উত্তরণের জন্য বরিশাল জেলা প্রশাসক একটি বিধান প্রণয়নের প্রস্তাব দেন।
বিভিন্ন জেলায় প্রবাসী কল্যাণ ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কোনো আঞ্চলিক অফিস না থাকায় জনশক্তি রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। এ দুই জেলায় প্রবাসী কল্যাণ ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর একটি করে আঞ্চলিক অফিস স্থাপনের সুপারিশ করেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অফিসের সঙ্গে আমমোক্তারনামা সংক্রান্ত তথ্যাদি অনলাইনে আদান-প্রদানের সুপারিশ করেন জেলা প্রশাসক। এটা করা হলে প্রবাসীদের আমমোক্তারনামা যাচাই-বাছাই করতে সময়ক্ষেপণ হবে না।
সরকারের নীতি-নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতিবছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।


