বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাগরণ যাত্রার প্রস্তুতি নিন: ডিসিদের তথ্যমন্ত্রী

Inu-30-07-15জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ২০২০ সালে এবং ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তি উপলক্ষে দেশব্যাপী জাগরণ যাত্রার কথা ঘোষণা করে এর প্রস্তুতি নিতে জেলা প্রশাসকদের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বৃহস্পতিবার ৩০ জুলাই সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকদের সাথে তাদের সম্মেলনের অংশ হিসেবে তথ্য মন্ত্রণালয়ের নির্ধারিত বৈঠকে বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এখন আমাদের জাগরণযাত্রা। আমাদের মহান ভাষা ও স্বাধীনতা সংগ্রামসহ দেশের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের যে স্মারক ও স্মৃতি দেশব্যাপী বিস্তৃত রয়েছে, জেলা প্রশাসকবৃন্দ তা সংগ্রহ করে কেন্দ্রে পাঠালে সেই স্মারক সমন্বয়ে একটি জাগরণযাত্রার দলিল তৈরি হতে পারে।’

তথ্যমন্ত্রী এসময় জেলা প্রশাসকদের সংবিধান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বপালনের আহ্বান জানিয়ে বলেন, ‘নিরপেক্ষতা বা ভারসাম্যের নীতিরক্ষা করতে গিয়ে ভালো আর মন্দকে, মুক্তিযোদ্ধা আর রাজাকারকে একপাল্লায় মাপবেন না।’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এর আগে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার পরিচালনায় জেলা প্রশাসকদের বিভিন্ন মতামতের ভিত্তিতে আলোচনা করেন তথ্যসচিব মরতুজা আহমদ এবং সংস্কৃতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন