শন পোলকের পর দ্বিতীয় সাউথ আফ্রিকান হিসেবে ৪০০ টেস্ট উইকেট নিজের করে নেওয়ার কীর্তি গড়লেন স্টেইন। ক্রিকেট ইতিহাসে চারশ টেস্ট উইকেট পাওয়া ত্রয়োদশ খেলোয়াড় তিনি।
আগের ওভারেই ডেল স্টেইন বঞ্চিত হয়েছিলেন নিজের ৪০০ তম টেস্ট উইকেটের মাইলফলক ছুঁতে। অফ স্টাম্পের বাইরে পিচ করা বলটি তামিম ইকবালের ব্যাট স্পর্শ করে চলে গিয়েছিল স্লিপে দাঁড়ান ডিন এলগারের কাছে। কিন্তু এলগার কেন যেন তা তালুবন্দী করতে পারলেন না।
স্টেইনের হতাশা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হল না। বলা ভালো তামিম তা হতে দিলেন না। পরের ওভারেই অফ স্টাম্পের আরও বাইরে বল ফেলে মাইলফলকটি ছুঁয়ে ফেললেন তিনি। তামিম যেন নিজেকে গর্বিতই মনে করলেন স্টেইনের ৪০০ তম শিকার হয়ে।
তামিমের বিদায়ের পর ইমরুল কায়েসের সঙ্গী হয়েছে মুমিনুল হক। আপাতত এই দুই ব্যাটসম্যান তামিমের বিদায়ের ধাক্কাটা সামলে ওঠার চেষ্টায় আছেন। ৫১ রানে অবিচ্ছিন্ন থেকে এই যুগল পাল্টা লড়াইয়েরও ইঙ্গিত দিয়েছেন। ইমরুল কায়েস অপরাজিত ২৫ রানে, মুমিনুল ২৬ রানে। বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ১ উইকেটে ৬৪।
ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার ও মরনে মরকেলের গতি-আক্রমণের সঙ্গে সাইমন হারমারের অফব্রেক আর স্টিয়ান ফন জিলের মিডিয়াম পেসের সামনে এখনো পর্যন্ত ভালোই লড়ছে বাংলাদেশ। তবে স্টেইনের বলে তামিম তাড়াহুড়ো করেই শুরুর বিপদটা ডেকেছিলেন।


