ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার মেঘালয়ের শিলংয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম সাক্ষ্য দিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। আগামী ১৯ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার বেলা ৩টায় শিলংয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য প্রদান করেন শিলংয়ের ওই পুলিশ কর্মকর্তা। চিফ জুডিশিয়াল আদালতের বিচারিক হাকিম কেএমএল নংব্রির কাছে তিনি সাক্ষ্য প্রদান করেন। এ সময় সালাহউদ্দিন, তার আইনজীবী ও সরকারি আইনজীবী উপস্থিত ছিলেন। একজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ১৯আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন।
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বর্তমানে সালাহউদ্দিন জামিনে আছেন। তিনি শিলং শহরের একটি কটেজ ভাড়া করে অবস্থান করছেন।
উল্লেখ্য, ঢাকা থেকে নিখোঁজের ৬২ দিন পর ১১ মে ভারতে মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে খোঁজ মেলে সালাহউদ্দিনের। স্থানীয়দের সহায়তায় উদ্ধারের পর পুলিশ তাকে আটক করে মানসিক হাসপাতাল মিমহানসে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকটি হাসাপাতালে নেয়া হয় সালাহউদ্দিনকে।


