প্রাণঘাতি ভাইরাস ইবোলার বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম এমন একটি টিকা আবিষ্কার করা হয়েছে। এক প্রাথমিক ফলাফলে দেখা যায়, ইবোলার বিরুদ্ধে টিকাটি শতভাগ কার্যকর। এ প্রতিষেধকটি ইবোলা প্রতিরোধে অন্যতম উপায় হয়ে উঠতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। খবর বিবিসি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার ব্রিটিশ বিজ্ঞান সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এ টিকাটির প্রতিটি ফলাফলকে আশাপ্রদ বলে মন্তব্য করেছে। ইবোলা প্রতিরোধে টিকাটি ‘গেম চেঞ্জার’ হয়ে উঠতে পারে বলে জানায় সংস্থাটি। বিশেষজ্ঞরা জানান, পরীক্ষার ফলাফলগুলো ছিল এক কথায় ‘অসাধারণ’।
কানাডার জনস্বাস্থ্য সংস্থা এবং মার্ক ফার্মাসিউটিক্যাল কোম্পানির যৌথ উদ্যোগে উদ্ভাবিত ‘ভিএসভি-ইবোভ’ নামক এই টিকাটির প্রথম পরীক্ষা চলে গিনীতে। এখানে আক্রান্ত ব্যক্তির পরিবার, প্রতিবেশি এবং বন্ধুদের এই টিকা দেয়ার মাধ্যমে একটি ‘প্রতিরক্ষা রিং’ তৈরি করা হয়। কয়েক সপ্তাহ ধরে চলে আসা পরীক্ষার ফলাফলে দেখা যায়, এ প্রতিরক্ষা রিংয়ের অন্তর্গত কেউই ইবোলায় আক্রান্ত হয়নি।
এখনো পর্যন্ত টিকাটি শতভাগ কার্যকর আখ্যা দিয়ে ডব্লিউএইচও জানায়, আরও বিস্তারিত উপাত্ত আসার আগ পর্যন্ত বিষয়টি পর্যবেক্ষণে রাখা হবে। নিরাপদ বিধায় গিনীতে যেসব ইবোলা আক্রান্ত রোগী রয়েছে তাদের এ টিকা দেয়া হবে। শিশুদেরও এর আওতায় আনার কথা রয়েছে।
২০১৩ সালের ডিসেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গিনীতে ইবোলার ইতিহাসে সবচেয়ে বড় প্রাদুর্ভাব ঘটে। এরপর থেকে এখনো পর্যন্ত বিভিন্ন দেশে ভাইরাসটির সংক্রমণে প্রায় ১১ হাজারের অধিক মানুষ মারা গিয়েছেন। এতদিন পর্যন্ত ইবোলা প্রতিরোধে কোন চিকিৎসা পদ্ধতি ছিল না। তবে এ টিকা আবিষ্কারের ফলে এ অবস্থা অচিরেই বদলে যাবে বলে ধারণা করা হচ্ছে।


