বাংলাদেশ-ভারত দুই দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বাহিনীর মধ্যে ৬ দিনব্যাপী বৈঠক শুরু হবে সোমবার দিল্লিতে। ওই বৈঠকে সীমান্তে চোরাচালান ও জাল নোট প্রতিরোধের বিষয়টি গুরুত্ব পাবে। বৈঠকে যোগ দিতে বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধি দল রবিবার ঢাকা ছাড়বেন।
বৈঠকে সীমান্তে চোরাচালান ও জাল নোট প্রতিরোধের পাশাপাশি মানবপাচার, গরুপাচার, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, সীমান্তে হত্যাকাণ্ডসহ সীমান্তের সার্বিক বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধি দলের পক্ষে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ এবং ভারতের পক্ষে বিএসএফের (দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স অব ইন্ডিয়া) ডিকে পাঠক বৈঠকে নেতৃত্ব দেবেন।
একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তানের কতিপয় সন্ত্রাসী গ্রুপ ভারতের নোট জাল করছে। এ বিষয়ে বাংলাদেশ-ভারত উভয়ের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে। সামনের সীমান্ত সংশ্লিষ্ট বৈঠকে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ বের করা হবে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


