বান্দরবানের লামায় বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় পাহাড় ধসে একই পরিবারের সাতজন নিহত হয়েছে। রাত দুইটার দিকে লামা সদরের হাসপাতাল পাড়ায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এছাড়া ভিন্ন ভিন্ন ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। লামা থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রোজিনা আক্তার (৩০), মো. সাগর (১৪), মো. সাজ্জাত হোসেন (৫), আমেনা বেগম (৩৯), মো. বশির (৬৫) ও তার স্ত্রীসহ অন্য আরেকজন। এদের মধ্যে রোজিনা আক্তার, মো. সাগর, মো. সাজ্জাত হোসেন, আমেনা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেছে।
উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ জানান, প্লাবিত এলাকার বন্যা দূর্গত লোকজন ১৫টি আশ্রয়ন কেন্দ্রে অবস্থান করছে। প্রবল বর্ষণের কারনে উপজেলার আজিজনগর, ফাইতং, রুপসী পাড়া, ফাসিয়াখালী ও লামা পৌরসভা এলাকায় পাহাড় ধসে বহু কাচা ঘরবাড়ি বিধস্ত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ব্যপক ফলদ ও বনজ বাগান।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


