বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছিটমহলগুলোতে উন্নয়ন প্রকল্প দ্রুত গ্রহণের নির্দেশ শেখ হাসিনার

PM--ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হওয়া বিলুপ্ত ছিটমহল এলাকায় দ্রুত উন্নয়ন প্রকল্প নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে মঙ্গলবার এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ সব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘ছিটমহলের মানুষের জন্য দ্রুত প্রকল্প নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিকভাবে রাস্তাঘাট, কমিউনিটি ক্লিনিক, উপাসনালয় এবং বিদ্যুৎ সুবিধা দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এ ক্ষেত্রে তিন মাসের মধ্যে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা হবে।’

পূর্বাচলে স্থায়ী আন্তর্জাতিক বাণিজ্যমেলা কেন্দ্র স্থাপনসহ ৯ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৬৮ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের রয়েছে ২ হাজার ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিলের ৩২ কোটি ১৩ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তার ৯৫৭ কোটি ১৯ লাখ টাকা।

ব্রিফিংয়ে এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা সচিব সফিকুল আজম, পরিংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা এবং সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন