বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশে কোনো বিতর্ক দেখতে চাই না। আমরা চাই যে যার যোগ্য, সেটা তার প্রাপ্য। বলেছেন, জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সবাইকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সার্বজনীনভাবে পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সৈয়দ আশরাফ এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৫ আগস্ট জন্মদিন উদযাপন না করার অনুরোধ জানিয়ে আশরাফুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন ১৫ আগস্ট নয়, তারপরও তিনি ১৫ আগস্ট জন্মদিন উদযাপন করেন।
‘আমরা চাই সবাই সার্বজনীনভাবে শোক দিবস পালন করুক। দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে। এ বিভাজন আমরা চাই না। তাই খালেদা জিয়াকে প্রস্তাব করেছি-করছি আপনি ১৫ আগস্ট আপনার জন্মদিন পালন না করে ১৬ আগস্ট কিংবা ১৭ আগস্ট পালন করেন।’
আশরাফ বলেন, ৪০ বছর আগে বঙ্গবন্ধু শাহাদাৎ বরণ করেছেন। যারা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করতে চেয়েছে তারা সফল হয়নি।
‘তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকে খুন করা নয়, তার সর্বোচ্চ অবদান এ বাংলাদেশকে নিশ্চিহ্ন করা। আমাদের মাতৃভূমি এ বাংলাদেশকে স্বাধীন করা ছিল বঙ্গবন্ধুর মহান কাজ।’
এখন থেকে সারাদেশের সব নির্বাচিত প্রতিষ্ঠানকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে উৎসব এবং মৃত্যুদিনে শোক পালন করার আহ্বানও জানান জনপ্রশাসন মন্ত্রী।


