বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে’

amu--প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুরো জাতি ঐক্যবদ্ধ থাকায় স্বাধীনতাবিরোধী অপশক্তির ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বলেন, তারা বারবার স্বাধীনতার পক্ষের শক্তির ওপর আঘাত হেনেছে এবং এখনও তারা তৎপর রয়েছে।স্বাধীনতা বিরোধীদের গাড়িতে যারা জাতীয় পতাকা তুলে দিয়েছিল তারা চিহ্নিত হয়েছে উল্লেখ করে আমু বলেন, এ অপশক্তিকে মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

মঙ্গলবার বিকেলে নগরীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমির হোসেন আমু বলেন, দেশ সাংবিধানিকভাবে পরিচালিত হচ্ছে এবং কোন ষড়যন্ত্রই এ সাংবিধানিক ধারাবাহিকতাকে ব্যাহত করতে পারবে না।
তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হলে সাংবিধানিক শূন্যতার সুযোগে অপশক্তি ক্ষমতায় আসত এবং তারা অতীতের মতো দেশে অপশাসন চালু করত।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে না হারালে ২০২১ সালের অনেক আগেই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতো। আর এখন বঙ্গবন্ধুর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, পলাশী যুদ্ধে মীরজাফর যে ভূমিকা পালন করেছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট মোস্তাক সে ভূমিকা পালন করেছিল। আর রবার্ট ক্লাইভের ভূমিকা পালন করেছিল জিয়াউর রহমান।

শিল্পমন্ত্রী বলেন, ক্লাইভের মতো জিয়াউর রহমান মোস্তাককে সরিয়ে ক্ষমতা গ্রহণ করেছিল এবং বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের পদাঙ্ক অনুস্বরণ করেছিলেন।

আরও পড়ুন