বুধবার ৪ নভেম্বর ২০২৬

তসলিমাকে নিয়ে চলচ্চিত্র ‘নির্বাসিত’ মুক্তি পাচ্ছে

nirbasito-জঙ্গি হুমকিতে বাংলাদেশ ও ভারত থেকে নির্বাসিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরীনের জীবনসংগ্রামের ওপর কলকাতায় তৈরি হয়েছে পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নির্বাসিত’। এতদিন বিভিন্ন উৎসবে দেখানো হলেও মুক্তি পায়নি নানা কারণে। অবশেষে ১৪ আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে টবিটি মুক্তি পাচ্ছে।

চূর্ণী গঙ্গোপাধ্যায় পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন। আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও রাইমা সেন।

মুম্বাই চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে ‘নির্বাসিত’ প্রদর্শন হলেও এই প্রথম ভারতে সবার জন্য মুক্তি দেওয়া হচ্ছে।

সিনেমা মুক্তির খবর পেয়ে উচ্ছ্বসিত লেখিকা তসলিমা নাসরিনও। তিনি ফেসবুকে জানান, ‘ছবিটা কলকাতায় মুক্তি পাচ্ছে ১৪ আগস্টে। চূর্ণীর নিজের চুল সুন্দর। আমাকে কবে বাড়িতে আউলা ঝাউলা চুলে দেখেছিল। তারপর তো আমার অভিনয় করতে গিয়ে এক আউলা ঝাউলা চুলের উইগ পরেছে। কোনো মানে হয়? আমার চুল কি সবসময় ওরকম বিচ্ছিরি হয়ে থাকে নাকি! আমি কেনই বা বলি আমার অভিনয়।’

তসলিমা বলেন, ‘ছবিতে কিন্তু চূর্ণীকে তসলিমা বলে ডাকা হয় না। লেখিকা, মহিলা, এসব বলা হয়। তসলিমা নামে ডাকলে উপায় ছিল? মমতা ব্যানার্জি ছবিটা ব্যান করে দিতেন, কারণ ওই নাম শুনে টিপু সুলতান মসজিদের ইমাম যদি আবার উত্তেজিত হয়ে ওঠে। ইমামকে শীতল রাখার দায়িত্ব তো মমতাজই নিয়েছেন।’

নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন