পাওনা টাকাকে কেন্দ্র করে ভাই আকবর হোসেনের বিরুদ্ধে (৪০) তার বোন আসমা আক্তারকে (৫৫) শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
পুরান ঢাকার বংশাল নয়াবাজার বাগদাস লেনের ৪৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় বুধবার ৫ আগস্ট সকাল পৌনে ১০টায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ছেলে বাপ্পী হোসেন জানান, নয়াবাজারে তার মামা আকবর হোসেনের চারটি দোকান আছে। তার মামা চার থেকে পাঁচ মাস আগে দোকান বন্ধক রেখে মায়ের কাছ থেকে ১৫ লাখ টাকা নেয়। কথা ছিল সেই টাকা ফেরত দেবে অথবা দোকান বাপ্পীর নামে লিখে দেবে। কিন্তু তা না করায় মামাকে চাপ দেওয়া হতো।
বাপ্পী হোসেন জানান, এ ঘটনার জের ধরে সকালে মামাসহ কয়েকজন বাসায় এসে মা’র গলা চেপে ধরে। এ সময় কাজের মেয়ে মাহি (১২) রুমে গেলে তাকে মারধর করে। বাপ্পী এগিয়ে গেলে তাকে ভয়-ভীতি দেখায়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সবাই পালিয়ে যায়।
আসমা আক্তারকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টায় ঢামেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাশ জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


