দায়িত্ব গ্রহণের পর প্রথম ছয় দিনের সম্মানী ফিরিয়ে দিয়েছেন নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির। হিসাব শাখার কর্মকর্তারা সম্মানীর চেক নিয়ে গেলে তা ফেরত দেন মেয়র। ভবিষ্যতেও তার প্রাপ্য সম্মানী দাতব্য কোনো প্রতিষ্ঠানে দান করে দিতে নির্দেশ দেন তিনি। ছয় দিনে মেয়রের সম্মানীর পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ২৯০ টাকা।
মেয়র নির্বাচিত হলে সম্মানী নেবেন না বলে নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন আ জ ম নাছিরউদ্দিন।
করপোরেশনের হিসাবরক্ষক কাজী আবু তৈয়ব বলেন, দায়িত্ব গ্রহণের পর জুলাই মাসের ছয় দিনের সম্মানীর চেক নিয়ে মেয়র মহোদয়ের কাছে গিয়েছিলাম। তিনি সম্মানী গ্রহণ না করে কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করে দিতে বলেছেন।
গত ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির। ৬ মে শপথ গ্রহণ করলেও আইনি বাধ্যবাধকতার কারণে দায়িত্ব নেন ২৬ জুলাই।


