নগরীর ব্যস্ততম পিকচার প্যালেস এলাকায় এক প্রতিবাদ বিক্ষোভে খুলনা বিভাগবাসী রাকিবের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নাগরিক ফোরাম জন উদ্যোগ আজ এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।
সংগঠনের নেতারা বলেন, রাকিবের হত্যাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রকে অবশ্যই যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং শিশুদের সুরক্ষা ও তাদের উন্নয়ন নিশ্চিত করতে হবে।
রাকিবের ছোটবোন তুতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী রিমি বেদনাহত কণ্ঠে বলেন, ‘আমার ভাই আমাদের পরিবার দেখাশুনা করতো এবং আমাকে নিয়ে স্বপ্ন দেখতো আমি রাষ্ট্রের বড় কর্মকর্তা হবো।’
রাকিবের মা বাবা-প্রধানমন্ত্রীর কাছে সুবিচার চেয়ে বলেছেন,হত্যাকারীদের ফাঁসি হলে রাকিবের আত্মা শান্তি পাবে। ওসি সুকুমার বিশ্বাস বলেন, রাকিব হত্যা মামলায় অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত শরিফ ও মিন্টুকে খুলনা মেডিকেল কলেজ প্রিজন সেলে চিকিৎসাধীন এবং শরিফের মা বিউটি বেগমকে খুলনা জেলে পাঠানো হয়েছে। তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালতে ৬ আগস্ট শুনানির দিন ধার্য করেছে।
তিনি বলেন, মামলার তদারকিতে কে এম পি’র অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে ৩ সদস্যের তদারকি কমিটি গঠন করা হয়েছে।
ওয়াল্ড ভিশন, মানবাধিকার সংস্থা, খুলনা উন্নয়ন কমিটি এবং টিআইবিসহ বিভিন্ন সামাজিক-সাংবাদিক-সাংস্কৃতিক সংগঠন কর্মসূচিতে অংশ নেয়।
সংগঠনের আহ্বায়ক এডভোকেট কুদরাত-ই-খুদার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে রাকিবের বাবা নুর আলম হাওলাদার, মা লাকি বেগম এবং ছোট বোন রিমি, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু, ওয়ার্কাস পার্টি নেতা মফিদুল ইসলাম, সাংবাদিক নেতা শেখ আবু হাসান এবং খুলনা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমম্বয়ক এডভোকেট মমিনুল ইসলাম, জনউদ্যোগ সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, ব্যবসায়ী নেতা এসএম জাকির হোসেন, নারী নেত্রী শামিমা সুলতানা, শিশু রমা রহমান ও সিলভী হারুন বক্তব্য রাখেন।


