নড়াইলে অস্ত্রসহ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আলমগীর হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। শনিবার বিকেলে জেলার লোহাগড়া পৌরসভার রাজুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান স্যুটার গান উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আলমগীর হোসেন নড়াইলে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান, গাড়িতে অগ্নিসংযোগসহ একাধিক মামলার পলাতক আসামি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন পাটোয়ারি ও শিমুলের নেতৃত্বে পুলিশের একটিদল লোহাগড়া পৌরসভার রাজুপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান স্যুটারগানসহ আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ লুৎফর রহমান জানান, গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।


