ঢাকায় ঘরে ঢুকে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডের পর নিন্দা জানিয়ে একটি বিবৃতি এসেছে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে।
তবে জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদের পাঠানো ওই বিবৃতিতে নিহতের নাম উল্লেখ করা হয়েছে ‘নীলয় হোসেন ওরফে নীল’।
শুক্রবার দুপুরে রাজধানীর গোড়ানে ঘরে ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে নিলয়কে। নিহত ব্লগার অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাশের মতো তিনিও ইন্টারনেটে ধর্মীয় গোড়ামীর বিরুদ্ধে লেখালেখিতে সক্রিয় ছিলেন।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ আন্দোলনেও সক্রিয় ছিলেন নিলয়। তাকে হত্যার দায় স্বীকার করে বার্তা এসেছে আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখার নামে।
নিলয় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জনগণের নিরাপত্তা বিধানে সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়েছে বলে বিবৃতিতে দাবি করেছেন জামায়াত নেতা হামিদুর।
বিবৃতিতে বলা হয়েছে, “বাসার ভিতরে নীলয় হোসেন ওরফে নীল নামে এক ব্লগারকে দুর্বৃত্তদের জবাই করে হত্যা করার ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার দ্বারা আবারো প্রমাণিত হলো, দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকার চরমভাবে ব্যর্থ।
“একের পর এক এ ধরনের হত্যাকাণ্ড ঘটেই যাচ্ছে। অথচ সরকার হত্যাকাণ্ড রোধ এবং হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করতে বার বার ব্যর্থ হচ্ছে।”
ব্লগারের খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেছেন, “নীলয় হোসেন ওরফে নীলের হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
“সেই সাথে নিহত ব্লগার নীলয় হোসেন ওরফে নীলের শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি।”


