মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনার তিনটি মামলায় হেফাজতে ইসলামীর নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদের এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (বন্দর) এবিএম ফয়জুর রহমান বলেন, আদালতের নির্দেশে পুলিশ ইজহারকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কারাগারে নিয়ে যায়।
শুক্রবার দুপুরে নগরীর লালখানবাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে হেফাজতের সিনিয়র নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামকে গ্রেফতার করা হয়।
বিষ্ফোরণের ঘটনার তিনটি সহ ইজহারের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।
২০১৩ সালের ৭ অক্টোবর নগরীর লালখানবাজারে মুফতি ইজাহারুল ইসলাম পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় হ্যান্ড গ্রেনেড বানাতে গিয়ে বিস্ফোরণে তিনজন মারা যায়।
পরে পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে চারটি তাজা গ্রেনেড, ১৮ বোতল এসিড এবং বিপুল পরিমাণ গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করেন। খুলশী থানার তিনটি মামলা দায়ের করা হয়।


