নায়ক সাগর ও নায়িকা শম্পা প্রেম করে বিয়ে করতে যাচ্ছেন । ২০০৯ সালে এনটিভির রিয়্যালিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় এসে শম্পার সঙ্গে পরিচয় হয় সাগরের। তারপর তাঁদের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক। আগামী ১৫ আগস্ট শনিবার ময়মনসিংহ শহরের একটি কমিউনিটি সেন্টারে সাগর ও শম্পার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
সাগর ও শম্পা দুজন জুটিবদ্ধ হয়ে চারটি ছবিতে কাজ করেন। ছবিগুলো হলো হাসান কামরুলের ‘এক্সকিউজ মি’, মামুন খানের ‘লাভ ইউ প্রিয়া’, মোহাম্মদ হোসেন মুরাদের ‘মনের মধ্যে লেখা’ ও ফেরদৌস রেজার ‘ওয়ানওয়ে রোড’। ‘মনের মধ্যে লেখা’ ছবিটির মাধ্যমে তাঁরা বড়পর্দায় প্রথম জুটি হন। এদিকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সাগর অনেক মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনের মডেল হয়ে জনপ্রিয়তা পেয়েছেন।
দীর্ঘদিন প্রেম করলেও এত দ্রুত বিয়ে করবেন ভাবেননি বলে জানান শম্পা। তিনি বলেন, ‘জীবনের নতুন অধ্যায় শুরু করছি। এত দ্রুত সবকিছু ঘটবে ভাবিনি।’
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


