বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারত থেকে পাওয়া ছিটমহলে জমি নিয়ে ফের সংঘর্ষ

Sitmoholছিটমহলে জমি দখল নিয়ে দু’গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদ্য বাংলাদেশে অন্তর্ভূক্ত ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষে আশঙ্কাও করছেন স্থানীয়রা। শনিবার ৮ আগস্ট মধ্যরাতে পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ১৬নং ভোটবাড়ী ছিটমহলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিটমহল বিনিময় আন্দোলনের অন্যতম নেতা মোজাহারুল ইসলামের জমি একই গ্রামের আজিজার রহমানের ছেলে রুবেল গং ও সুমেল মৃত বাবার নামে জাল দলির তৈরি করে লাটিয়াল বাহিনী নিয়ে শনিবার রাতে দখলের চেষ্টা করে। এ খবর ছড়িয়ে পড়লে মোজাহারের লোকজন তাতে বাধা দেয়। এরপর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।

খবর পেয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জমির প্রকৃত মালিকানা ও দখল থাকায় মোজাহারুল ইসলামকে ওসি ও ইউএনও চাষাবাদের নির্দেশ দেন। প্রশাসনের নির্দেশক্রমে রোববার সকালে ওই জমি চাষাবাদ করতে গেলে রুবেল গং ও তার লোকজন বাধা দেয়।

এ ব্যাপারে মোজাহারুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রকৃত জমির কাগজপত্র সবই ঠিক আছে। নায্য ছিটমহল বিনিময়ের আন্দোলন নিয়ে শত্রুতার কারণে একটি গ্রুপের লোকজনের ইন্ধনে জমি দখলের চেষ্টা ও নতুন এই বাংলাদেশি গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

তবে রুবেল গং বলেন, ‘আমরা জমি কিনেছি। তাই চাষাবাদে বাধা দিচ্ছি।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম জানান, কোনোভাবেই নতুন বাংলাদেশি এসব ভূখণ্ডে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। জমির যে প্রকৃত মালিক তাকে চাষাবাদের নির্দেশ দেয়া হয়েছে। কেউ তাতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, গত রোববার কুড়িগ্রামের দাসিয়ারছড়া ছিটমহলে জমি দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন