বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি আদিবাসী দিবসের কর্মসূচিতে

indigenous+people_আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে চার পার্বত্য জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। সাংবিধানিক স্বীকৃতি, রাষ্ট্রীয়ভাবে আদিবাসী দিবস পালন ও পার্বত্য শান্তি চুক্তির যথাযথ বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিভিন্ন আদিবাসী ফোরামের নেতারা।

বিশ্বের বিভিন্ন দেশের আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘ ১৯৯৪ সালে ৯ অগাস্টকে আদিবাসী দিবস ঘোষণা করে। তখন থেকে বিশ্বব্যাপী দিনটিকে আদিবাসী দিবস হিসেবে পালন করা হয়।

দিবসটি উপলক্ষে রোববার অন্যান্য দেশের মতো বাংলাদেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালিত হয়।

বান্দরবান: আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সকালে শহরের রাজবাড়ী মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মারমা, চাকমা, ত্রিপুরা, বম, তঞ্চঙ্গ্যা, খুমীসহ ১১টি সম্প্রদায়ের লোকজন এ শোভাযাত্রায় অংশ নেন।

পরে আদিবাসী দিবস উদযাপন পরিষদের উদ্যোগে রাজবাড়ী মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে জনসংহতি সমিতির নেতা ও আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমাসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

রাঙামাটি: বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার উদ্যোগে সকালে রাঙামাটি পৌরসভা চত্বরে বেলুন উড়িয়ে আদিবাসী দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। চাকমা রাজা দেবাশীষ রায় কর্মসূচির উদ্বোধন করেন।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উষাতন তালুকদার, প্রকৃতি রঞ্জন চাকমা, অরুন কান্তি চাকমা, রীতা চাকমা প্রমুখ।

‘আদিবাসীদের’ সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি জানান তারা।

দিনাজপুর: দিনাজপুর শিল্পকলা একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম।

দিবসটি উপলক্ষে নর্দান আদিবাসী ছাত্র ঐক্য জোটের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি গণেশ সরেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এর আগে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর ব্যবহৃত তীর-ধনুক, মাছ ধরার খলই, কুলা, ঢোল, বিয়েতে ব্যবহৃত কাটসা, ঘট, খাবার হিসেবে কাঁকড়া, বটপাতার পিঠা, শামুক, ঝিনুক, কুচিয়া মাছসহ নানা সামগ্রীর প্রদর্শন করা হয়।

রাজশাহী: ‘আদিবাসী জনগোষ্ঠীর জীবন স্বাস্থ্য ও জীবনমান নিশ্চিত করুন’ এই স্লোগানে আদিবাসী স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজশাহী ইনিভার্সিটি (আসারু) দিবসের কর্মসূচি পালন করে।

সকালে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় সেখানে এসে শেষ হয়।

পরে এক সমাবেশে আসারুর সভাপতি দুলাল মার্ডি, সাধারণ সম্পাদক শনিরম মুরমুর রায়, সহ-সাংগঠনিক সম্পাদক তিলিমন হাজবাসহ অন্যনা বক্তব্য রাখেন।

প্রতিনিধিদের খবর অবলম্বনে-
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন