উচ্চ মাধ্যমিকের ফল বিপর্যয়ের মধ্যে এ বছর শতভাগ শিক্ষার্থী পাসের প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে কমেছে, বেড়েছে কেউ পাস করেনি- এমন প্রতিষ্ঠানের সংখ্যা।
রবিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার যে ফল প্রকাশ করা হয়েছে তাতে পাস করেছে ৬৯ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী। আর ৪২ হাজার ৮৯৪ জন জিপিএ-৫ পেয়েছে।
এ বছর এক হাজার ১৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে পাস করেছে; গত বছর এ সংখ্যা ছিল এক হাজার ১৪৭টি।
আর ৩৫টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এবার পাস করতে পারেনি; গত বছর এরকম প্রতিষ্ঠান ছিল ২৪টি।
ঢাকা বোর্ডে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠান ৩৩টি। আর কোনো শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠান পাঁচটি।
কেউ পাস করেনি- এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি যশোর বোর্ডে। সেখানে ১৩টি প্রতিষ্ঠানের সব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবার ফেল করেছে। আর শতভাগ শিক্ষার্থী পাস করেছে- এমন শিক্ষার্থীর সংখ্যা যশোর বোর্ডে তিনটি।
এছাড়া রাজশাহী বোর্ডে ২৬টি, বরিশালে পাঁচটি, দিনাজপুরে ২২টি, কুমিল্লায় ছয়টি, চট্রগ্রাম বোর্ডে চারটি এবং সিলেট বোর্ডে ১৩টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।
আর রাজশাহী, বরিশাল ও দিনাজপুর বোর্ডের পাঁচটি করে প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিকের কোঠা পার হতে পারেনি। কুমিল্লা, চট্রগ্রাম বা সিলেটে এবার এ রকম কোনো প্রতিষ্ঠান নেই।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার ৮৩৮টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। কেউ পাস করেনি- এমন মাদ্রাসা দুটি।
আর কারিগরি শিক্ষা বোর্ডে শতভাগ পাস করা প্রতিষ্ঠান ১৮৩টি। কেউ পাস করেনি- এমন কোনো প্রতিষ্ঠান এ বোর্ডে নেই।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


