বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে মিয়ানমার। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উ না মং লিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উ না মং লিন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উ না মং লিন মিয়ানমারে কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাতে বন্যায় অন্তত ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ১০০ মানুষ নিহত হয়েছেন এবং বিস্তীর্ণ এলাকার ধানি জমি নষ্ট হয়েছে বলে মিয়ানমারের কর্মকর্তারা জানিয়েছেন।
রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কয়েক দশক ধরে মিয়ানমারের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চললেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সম্প্রতি দেশটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠানো হয়।
মিয়ানমারের সমাজকল্যাণ বিষয়ক উপমন্ত্রী দাউ সু সু হ্লাইং শনিবার প্রথম দফার ত্রাণ সহায়তা গ্রহণ করে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
শিগগিরই আরও সহায়তা পাঠানো হবে বলে আগেই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


