ভোলায় শিশু ধর্ষণের দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ ক ম জহুরুল আলম এ রায় দেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন ভোলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের ফারুক গাজীর ছেলে ইব্রাহিম, আজাদ সিকদারের ছেলে আরিফ, কবির জমাদারের ছেলে শাহিন ও সোবাহান জমাদারের ছেলে ফুয়াদ। তবে তারা সবাই পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২০ অক্টোবর চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের বখাটে ফারুক, আরিফ, শাহিন ও ফুয়াদ একই এলাকার ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে লোকজন ছুটে এলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন।
সাক্ষগ্রহণ শেষে মঙ্গলবার আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।


