আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিলির সময় গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিক সংসদ নামে একটি সংগঠনের এক নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ১১ আগস্ট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আমন্ত্রণপত্র বিলির সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক মো. জুলফিকার হোসাইন মুন্না (৩৫) বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিক সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। উপজেলার হাসুয়া গ্রামের কাজী আব্দুল মান্নানের ছেলে তিনি।
কোটালীপাড়া থানার এসআই ফরিদ হোসেন জানান, ১৫ অগাস্ট দুপুরে কোটালীপাড়া উপজেলার হাসুয়া গ্রামে বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিক সংসদের প্রধান কার্যালয় উদ্বোধনের আমন্ত্রণপত্র বিলি করছিলেন মুন্না। আমন্ত্রণপত্রে ওই দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা উল্লেখ করা হয়েছে।
“সংগঠনের প্যাডে সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত আমন্ত্রণপত্র বিলি করার সময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মুন্নাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।”
এ সময় তার সঙ্গে থাকা রেজিস্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল, পুলিশ বাহিনীর একটি টেলিফোন ইনডেক্স, বিভিন্ন ধরনের সিল, ডি-টিভির স্টাফ রিপোর্টারের পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
মুন্নাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ।


