বুধবার ৪ নভেম্বর ২০২৬

ষড়যন্ত্র বাদ দিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন: খালেদাকে স্বাস্থ্যমন্ত্রী

nasimpppষড়যন্ত্র বাদ দিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান নাসিম। জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মো. শামসুল হক ভূঁইয়া এমপির সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।

তিনি বলেন, ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হওয়ার সুযোগ নেই। আপনি আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। ওই নির্বাচন প্রত্যাখান করলে বিএনপি বিলীন হয়ে যাবে।

নাসিম বলেন, তত্ত্বাবধায়ক সরকার এখন মৃত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামীতে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য ও বিদ্যুৎ সেবা নিশ্চিতকল্পে কাজ করে যাচ্ছে। খালেদা জিয়া জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে ৩ মাস ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী চাঁদপুরের ফরিদগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। তার ফলশ্রুতিতে চাঁদপুরেও এই খাতে আরো উন্নয়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মো. শামসুল হক ভূঁইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক, বিএমএ-এর মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার প্রমুখ।

আরও পড়ুন