চোখের চিকিৎসায় লন্ডন যাওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনো ভিসা পাননি। ভিসা পেলেই তার লন্ডন যাওয়ার সিডিউল চূড়ান্ত হবে।
খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তা ও বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা এবং ব্রিটিশ হাই কমিশন অনুমোদিত ভিসা প্রসেসিং এজেন্ট প্রতিষ্ঠান ঢাকার ‘ভিএফএস গ্লোবাল’ অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তথ্যটি জানা গেছে।
সোমবার সন্ধ্যায় গুলশানের ‘ভিএফএফ গ্লোবাল’ অফিসে গিয়ে ছবি তোলা, ফিঙ্গার প্রিন্ট, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করেন খালেদা জিয়া। ভিএফএফ গ্লোবাল অফিসে আবেদন করার পর সেটি দিল্লিতে পাঠানো হয়। সেখান থেকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর ভিসা দেওয়া না দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে কর্তৃপক্ষ। আর এ প্রক্রিয়া সম্পন্ন হতে ১০/১৫ দিন সময় লেগে যায়।
সূত্র জানায়, বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ক্ষেত্রে ১০/১৫ দিন সময় নিচ্ছে না ‘ভিএফএফ গ্লোবাল’। তারা চেষ্টা করছেন কয়েকদিনের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে।
বুধবার সর্বশেষ খবর জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ভিএফএফ গ্লোবাল অফিসের এক কর্মকর্তা বলেন, খালেদা জিয়ার ভিসা প্রসেসিং এখনো প্রক্রিয়াধীন আছে। আশা করছি খুব শিগগিরই তার ভিসা আমরা দিয়ে দিতে পারব।
এ প্রসঙ্গে জানতে চাইলে খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ফরেন অফিস যারা দেখাশোনা করেন তারাই এ ব্যাপারে ভাল বলতে পারবেন।


