ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় পিকআপ ভ্যান উল্টে চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন চালকসহ আরো তিনজন।
বুধবার বিকালে ভবেরচর ভিটিকান্দিতে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবরটি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো. হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, মাছের পোনা বিক্রি করে ঢাকা থেকে কুমিল্লা ফিরছিলেন ভ্যানের যাত্রীরা। ভিটিকান্দিতে পৌঁছার পর ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝে আইল্যান্ডের উপর উঠে উল্টে যায়। দুর্ঘটনাকবলিত ভ্যানটির পেছনের আসনে থাকা সবাই নিহত হন এবং সামনে থাকা চালকসহ তিনজন আহত হন।
পুলিশ দুর্ঘটনাকবলিত ভ্যানটি জব্দ করেছে। লাশগুলো ভবেরচর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান ওসি।


