ঢাকার পল্টন থানায় করা আট মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে ১৬ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ বুধবার ১২ আগস্ট এ রিমান্ড মঞ্জুর করেন।
অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজীবকে ৮০ দিনের রিমান্ডে দেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজীবসহ ছয়জন গত মাসে পটুয়াখালীতে গ্রেপ্তার হন। তাঁদের কাছ থেকে ইয়াবা বড়ি ও একটি ‘মদের’ বোতল উদ্ধার করার দাবি করে পুলিশ।
ওই সময় পটুয়াখালীর দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকী জানান, রাজীবের বিরুদ্ধে গাড়ি পোড়ানো, পুলিশের ওপর হামলা ও পেট্রলবোমায় মানুষ হত্যার অভিযোগে ঢাকার পল্টন থানায় ১৭ টি, মতিঝিল থানায় পাঁচটি এবং বকশীবাজারে ছাত্রলীগের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলাসহ বিভিন্ন থানায় অন্তত ৩০টি মামলা রয়েছে।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


