বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় লজেন্স কারখানার দুই মালিককে দণ্ড

logens_204504704রাজধানীর বংশালের ফাহাদ ফুড প্রোডাক্ট লজেন্স কারখানায় বুধবার বিকেলের দিকে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অনিয়মের কারণে কারখানার দুই মালিক ফাহাদ হোসেন (২২) ও নায়েম আলীকে (৫০) দণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব-২ এর উপপরিচালক ড. দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বংশাল এলাকায় ফাহাদ ফুড প্রোডাক্ট লজেন্স কারখানায় ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে প্রায় ১ লাখ পিস লজেন্স জব্দ করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন জানান, বিএসটিআই’র অনুমোদন ছাড়া ও অত্যন্ত নোংরা পরিবেশে লজেন্স তৈরির অপরাধে কারখানার মালিক ফাহাদ হোসেন (২২) এবং নায়েম আলীকে (৫০) আটক করা হয়। পরে অপরাধের মাত্রা অনুযায়ী তাদেরকে দেড় লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেকের ২ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন