শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগের শক্তি হচ্ছে এ দেশের জনগণ। জনগণের সমর্থনেই বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘাতক চক্রের উদ্দেশ্য ব্যর্থ করে দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলস্থ বিসিআইসি মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস’ উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় আমু একথা বলেন।
১৫ আগস্ট কেক কেটে মিথ্যা জন্মদিন পালনের নামে আনন্দ-উল্লাস করার মধ্যদিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত’ এ মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান রাজাকার পরিবেষ্টিত সরকার গঠন করেছিলেন এবং স্বাধীনতা বিরোধী শাহ্ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন।
ক্ষমতাসীন দলের এই প্রভাবশালী নেতা বলেন, ১৫ আগস্ট ’৭৫-এর হত্যাকাণ্ডের পর জাতীয় চার নেতা হত্যা, সংবিধান থেকে জাতীয় চার মূলনীতি ছেঁটে ফেলা, গোলাম আজমকে রাজনীতি করার সুযোগদান, বেতারের নাম বদলিয়ে রেডিও বাংলাদেশ করাসহ ষড়যন্ত্রকারীদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ধারাবাহিক কর্মকাণ্ড এর বড় প্রমাণ।
শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্বব্যাংকের সাম্প্রতিক মূল্যায়নে বাংলাদেশ মধ্য আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে স্বাধীনতাবিরোধী অপশক্তির যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানান শিল্পমন্ত্রী।


