বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাবিতে ভর্তি প্রক্রিয়া শুরু ২৪ আগস্ট

du-sm-135932418-29343আগামী ২৪ আগস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। বুধবার উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৯ অক্টোবর কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তিযুদ্ধ শুরু হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর শুধু ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরাই প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি আগের মতোই ৩৫০/-(তিনশত পঞ্চাশ) টাকা রাখা হয়েছে।  সভার সিদ্ধান্ত অনুযায়ী খ-ইউনিটের (কলা অনুষদ) ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর, চ-ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১০ অক্টোবর, গ-ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অঙ্কন) ১৭ অক্টোবর, ক-ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর এবং বিভাগ পরিবর্তনকারী ঘ-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এদিকে, এবার এইচএসসিতে শিক্ষার্থীদের ফল খারাপের বিষয়টি বিবেচনায় নিয়ে ভর্তির জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা শিথিল করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে, চতুর্থ বিষয়কে বাইরে রেখে এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট যে জিপিএ থাকা প্রয়োজন হতো এবার চতুর্থ বিষয়কে সঙ্গে নিয়েই সে জিপিএ হলে আবেদন করা যাবে।

ছাত্র/ছাত্রীদের আবেদনের যোগ্যতা: ক-ইউনিটের অধীনে ভর্তীচ্ছুদের বিজ্ঞান ও কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিজ্ঞান শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ দুটির যোগফল অন্তত ৮.০ হতে হবে।

খ-ইউনিটের অধীনে ভর্তীচ্ছুদের মানবিক শাখায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ- দুটির যোগফল অন্তত ৭.০ হতে হবে।

গ-ইউনিটের অধীনে ভর্তীচ্ছুদের ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ দুটির যোগফল অন্তত ৭.৫ হতে হবে।

ঘ-ইউনিটের অধীনে ভর্তীচ্ছুদের ১। (ক) মানবিক শাখায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ. দ্বয়ের যোগফল অন্তত ৭.০ হতে হবে।

(খ) বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ দুটির যোগফল অন্তত ৮.০ হতে হবে।

(গ) ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ দুটির যোগফল অন্তত ৭.৫ হতে হবে।

২। উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কোন বিষয়েই লেটার গ্রেড-বি (গ্রেড পয়েন্ট -৩) এর নিচে হওয়া যাবে না। চ-ইউনিটের অধীনে ভর্তীচ্ছুদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ যেকোনো একটি ন্যূনতম জিপিএ ৩.০ এবং উভয় পরীক্ষার জিপিএ -দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫।

‘ও লেভেল’ পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং ‘এ লেভেল’ পরীক্ষায় অন্তত ২টি বিষয়ের মধ্যে অর্থাৎ মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে বি-গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে সি-গ্রেড প্রাপ্ত হতে হবে।  ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নির্ধারিত ওয়েব সাইটে (admission.eis.du.ac.bd) ও বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন