তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘মোবাইল ফোন অপারেটরা থ্রিজি সেবার নামে আমাদের যে ধোঁকা দিচ্ছে তা কাঙিক্ষত নয়। তাদের থ্রিজি সেবার মান আরও বাড়াতে হবে।’
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার বিকেলে তিন দিনব্যাপী ‘রবির স্মার্টফোন ও ট্যাব এক্সপোর ২০১৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে মুসা ইব্রাহীমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী মুসা ইব্রাহীম বলেন, ‘উন্নত দেশের থ্রিজি ও আমাদের দেশের থ্রিজি সেবার মধ্যে বেশ ফারাক রয়েছে। উন্নত দেশে থ্রিজির আওতায় কোনো ভিডিও ওপেন করা মাত্রই তা চলতে থাকে। আর বাংলাদেশে ওপেন করার পর লোডিং আর লোডিং হতে থাকে। মোটকথায় বাংলাদেশে থ্রিজি অনেক পিছিয়ে। থ্রিজিতে বিশ্বব্যাপী সমতা আনতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার, রবির কমিউনিকেশন এ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর, মেলায় আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের হেড অব অপারেশন্স নাহিদ হাসনাইদ সিদ্দিকী প্রমুখ।


