অস্ট্রেলিয়ার বিশ্বকাপে দলে থাকার সুযোগ পেলেও শৃঙ্খলা ভঙের কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ না খেলেই দেশে ফিরতে হয় জাতীয় দলের পেসার আল আমিন হোসেনকে। দীর্ঘ দিন দলের বাইরে থাকলেও দলের ফেরার ব্যাপারে এখন আত্মবিশ্বাসী তিনি। তবে বোলিংয়ে চমক দেখিয়েই দলে ফিরতে চান তিনি। এ জন্য নিজেকে প্রস্তুত করছেন সেভাবেই।
জাতীয় দলে ফেরার স্বপ্ন নিয়ে নিয়মিত কঠোর অনুশীলন করে যাচ্ছেন আল আমিন। শনিবার মিরপুর অনুশীলন করেছেন তিনি। এসময় জাতীয় দলে ফেরার বিষয়ে অনেক কথাই বলেছেন তিনি। তার কথাগুলো পাঠকদের জন্য তুলে ধরা হলো। এনবি
প্রশ্ন: জাতীয় দলে ফেরার বিষয়ে নিজের সাথে কতটুকু যুদ্ধ করতে হচ্ছে?
আল আমিন: আসলে সব সময়ই জাতীয় দলে খেলাটা চ্যালেঞ্জ। জাতীয় দল ভালো করুক বা খারাপ করুক সেটা আসলে বিষয় না। যখন কেউ জাতীয় দল থেকে বাদ পড়ে যায় তখন ফেরাটা আরও বেশি চ্যালেঞ্জ হয়ে যায়। দলে ফেরার জন্য যা যা করা দরকার ব্যাটিং, বোলিং ফিটনেস সব কাজগুলোই করছি। আশা করছি দলে ফিরতে পারবো।”
প্রশ্ন: জাতীয় দলের বাইরে থাকার এ সময় নিজের সাথে লড়াইটা কেমন হয়। মানসিক অবস্থা কেমন থাকে?
আল আমিন: আসলে মানসিক অবস্থা স্বাভাবিকের তুলনায় খারাপ থাকাটাই বাস্তবতা। কারণ জাতীয় দলে খেললে এক ধরণের মানসিকতা থাকে আর না খেললে আরেক ধরণের মানসিকতা থাকে। কারণ জাতীয় দলে খেললে সব সময় খেলার ভেতরেই চিন্তাভাবনা থাকে। বাইরে থাকলে নিজেকে ফেরানোর জন্য একটা প্রবণতা সব সময়ই কাজ করে।”
প্রশ্ন: এই সময় কোন ধরণের বিষয় নিয়ে আপনারা কাজ করেন?
আল আমিন: আপনি যখন মাঠে থাকবেন, মানসিক চাপ কম থাকে বলে আমি মনে করি। কারণ আপনি যখন নিয়মিত কাজ করবেন বা নিয়মিত খেলার ভেতর থাকবেন, তখন ওই চাপগুলো খুব কম থাকে। এক্ষেত্রে আমাদের যে প্রোগ্রাম আছে, (পনি) নামে একটা প্রোগ্রাম করেছে ক্রিকেট বোর্ড। ওখানে আছি আমরা। যারা জাতীয় দল থেকে সম্প্রতি বাদ পড়েছি। ওখানে খুব ভালো কাজ হচ্ছে। তো মানসিক ভাবে ওইরকম কিছু মনে হচ্ছে না আমার কাছে।”
প্রশ্ন: আপাতত জাতীয় দলে ফেরার রাস্তা হচ্ছে ম্যাচ পাওয়া। কোনো ম্যাচ টার্গেট করেছেন যে ওই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে ফিরবেন?
আল আমিন: আসলে সামনে প্রচুর খেলা আছে বিপিএল, বিসিএল, ন্যাশনাল লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ আছে। তো আমার মনে হয়, এখানে যে চার পাঁচটা ফরম্যাটের খেলা আছে, এখানে যদি ভালো মানের পারফর্ম করা যায়, তাহলে জাতীয় দলে সুযোগ পাওয়া সহজ হয়।”
প্রশ্ন: অস্ট্রেলিয়া সিরিজে টেস্ট খেলার বিষয়ে কিছু ভাবছেন?
আল আমিন: আসলে যদি সত্যি কথা বলি, তাহলে অস্ট্রেলিয়া সিরিজে খেলার সুযোগ নেই। কারণ, দল তো খুব ভালো করছে, টেস্ট, ওয়ানডে, টি টোয়েন্টিতে। তো এক্ষেত্রে আমাকে যদি ভালো করে ঢুকতে হয়, নিশ্চয়ই খেলার মাধ্যমেই ঢুকতে হবে। অর্থাৎ কোনো ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করতে হবে। তাই অস্ট্রেলিয়া সিরিজের আগে আমার সেই সুযোগ কই।”
প্রশ্ন: অস্ট্রেলিয়া সিরিজের পর বিসিএল, বিপিএল। তার মানে আপনি ধরেই নিয়েছেন অস্ট্রেলিয়া সিরিজে খেলা হচ্ছে না?
আল আমিন: অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে চিন্তা নাই, এটা ভুল। যদি চিন্তা না থাকতো, তাহলে তো অনুশীলন বন্ধ করে দিতাম, তাই না? নির্বাচক আছে যারা, আমাদের নিয়ে প্ল্যান করে তারা বুঝবে। না হলে তো ‘পনি’ যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে আমাদের নিয়ে কাজ করত না বলে আমি মনে করি। এখানে এইচপির সাথে আমাদের অনুশীলন ম্যাচ আছে সব কিছুই ঠিকঠাক হচ্ছে। আসলে কে কখন কীভাবে দলে ঢুকবে না ঢুকবে এটা বলা কঠিন। যখন নির্বাচক, কোচ প্ল্যান করে, তখন যদি প্ল্যানের অংশ হয়ে যাই ঢুকতেও তো পারি।”
প্রশ্ন: বোলিংয়ে নতুন অ্যাকশনে আগের মতো রিদম আছে?
আল আমিন: আসলে নতুন অ্যাকশন বলতে আমি তো বুঝতে পারছি না। আমি তো বোলিং অ্যাকশন পরিবর্তন করি নাই। আমার তো সবসময়ই রিদম আছে। কারণ বিসিএল হলো, বিসিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হলাম। আবার এইচপির সাথে মাচ খেললাম। ওখানেও খুব ভালো বোলিং হচ্ছে।”
প্রশ্ন: আপনি বলছেন সবকিছুই ঠিকভাবে চলছে, তাহলে আল আমিন কেনো দলের বাইরে? আপনার কী মনে হয়?
আল আমিন: আমি কী কারণে দলে নেই, তা কীভাবে জানবো! আমার কাজ হচ্ছে পারফর্ম করা। যখন দলে নেবে, তখন পারফর্ম করব। কী জন্যে নিচ্ছে না, এটা তো বলা কঠিন। আপনারাই (সাংবাদিকরা) বলতে পারবেন আসলে আমি কী কারণে দলে নাই। তবে আমি হতাশ নই। সব সময়ই দলে ঢোকা সম্ভব। বিশেষ কিছু করলে সব সময়ই দলে ঢোকা সম্ভব।”


