মাদারীপুরের আলোচিত দুই স্কুলছাত্রী হত্যা মামলার এজহারভুক্ত তিন আসামির সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
শনিবার দুপুরে পুলিশের পক্ষ থেকে ১০দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন জানান, সুমাইয়া ও হ্যাপি হত্যা মামলায় আসামি রফিক, শিপন ও রাকিবকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ত্রিভাগদি গ্রাম থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে প্রাইভেট পড়তে গিয়ে সুমাইয়া ও হ্যাপি নিখোঁজ হয়। বিকেলে অচেতন অবস্থায় চার যুবক দুই ছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে রেখে পালিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে গিয়ে সুমাইয়া ও হ্যাপির মরদেহ দেখতে পান পরিবারের সসদস্যরা।
এ ঘটনায় ওই দিনই হাসপাতাল এলাকা থেকে শিপন ও রফিককে আটক করা হয়। শুক্রবার দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।


