বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে আসা জামালপুরের এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। ঢাকার মগবাজারে ওই তরুনীটিরই দুই বন্ধু মিলে তাকে (১৮) ধর্ষণ করেছে। অসুস্থ ওই তরুণী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জামালপুরের সরিষাবাড়ী থেকে আসা ওই তরুণী দুই মাস ধরে মগবাজার এলাকার একটি হোস্টেলে থেকে বিশ্ববিদ্যালয় ভর্তির কোচিং করছেন।
জানা গেছে, রাজধানীর একটি মহিলা হোস্টেলের ছাত্রীকে শনিবার সকালে তার বন্ধু শাওন মোবাইল ফোনে মৌচাক মার্কেটের সামনে যেতে বলেন। এরপর রিকশাযোগে মালিবাগ এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। এরপর শাওন পালিয়ে যায়। পরে মেয়েটি রমনা থানায় গিয়ে অভিযোগ করেন। পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
রমনা থানার সহকারি পরিদর্শক (এসআই) নাজমুল সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৌচাক মার্কেটের সামনে থেকে মেয়েটি মোবাইল ফোনে ডেকে নিয়ে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। ওই ঘটনাস্থলটি খোঁজা হচ্ছে। মেয়েটি জানিয়েছে, আবাসিক হোটেলটির লিফট আছে।
তরুণীর বাবা বলেন, শুক্রবার বিকেল পাঁচটার দিকে দুই বন্ধু নীলয় ও শাওনের সঙ্গে হোস্টেল থেকে বের হন তার মেয়ে। এরপর ওই দুই বন্ধু মগবাজারের একটি হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করে।
রাতেই বিষয়টি ফোনে জানতে পেরে শনিবার দুপুরে স্ত্রীসহ ঢাকায় এসে পুলিশের সহায়তায় মেয়েকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক ওই তরুণীর হাসপাতালে চিকিৎসাধীন থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


