সিলেটের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার বিকালে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০/১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৪ রাউন্ড শর্টগানের গুলি ও ১২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
খবরটির সত্যতা নিশ্চিত করেছেন মহানগরীর জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল হক। জানান, একটি সিআর মামলায় বিশ্বনাথ উপজেলার খাজাঞ্জি ইউনিয়নের খাইনগঞ্জ গ্রামের ৪ জন ও সদর উপজেলার জালালাবাদ থানাধীন কান্দিরগাওয়ের মিরেরগাওয়ের গ্রামের ১ জন আসামির বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট আছে। এর মধ্যে মিরেরগাওয়ের ওই লোক বিদেশে লোক পাঠানোর ঘটনায় টাকা নেওয়ার স্বাক্ষী ছিলো। তাকেও আসামি করা হয়। ফলে ওই লোক মামলায় আসামি হওয়া এবং গরু ধরে নেওয়াকে কেন্দ্র করে প্রথমে ব্যক্তি পর্যায়ে সংঘর্ষ বাধে। পরে উভয়পক্ষে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেনও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


