সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে, স্বাগতিকরা ১-০ গোলে হারিয়েছে আফগানিস্তানকে। বাংলাদেশের যুবাদের পক্ষে একমাত্র গোলটি করেন সাদ উদ্দিন।
কর্দমাক্ত মাঠে তারুণ্যের উচ্ছলতায় বাঁধনহারা উল্লাসে মেতেছেন বাংলাদেশের ফুটবলাররা। এমন আনন্দ তাদেরই মানায়, কারণ আসরে দাপটের সঙ্গে খেলে প্রথমবারের মত সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের স্বপ্নের ফাইনালে উঠেছে বাংলার কিশোররা। সেমির মঞ্চে শক্তিশালী আফগানিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন শাওন-নিপুরা।
এর আগে, কানায় কানায় পূর্ণ সিলেট জেলা স্টেডিয়ামে ইতিহাস গড়ার লক্ষ্যে ৪-১-৪-১ ফরমেশন নিয়ে মাঠে নামে জিলানীর শিষ্যরা। তবে, আফগানরাও ছিলো আক্রমণাত্মক। কিন্তু ম্যাচের শুরু থেকে আগ্রাসী ঢংয়ে খেললেও, আফগানিস্তানের জমাট রক্ষণ দুর্গ ফাটল ধরাতে পারছিলো না স্বাগতিক কিশোররা।
উল্টো ম্যাচের বয়স যখন ৩৪ মিনিট তখন ডি বক্সের মধ্যে আফগান মিডফিল্ডার আব্দুর নাসেরকে বাধা দেন, স্বাগতিক ডিফেন্ডার আতিকুজ জামান। যা থেকে আতিক কার্ড না পেলেও, বিতর্কিত পেনাল্টি পেয়ে যায় সফরকারীরা।
কিন্তু, আমিদ হায়দার পেনাল্টি কিক থেকে গোল করতে ব্যর্থ হলে নেচে ওঠে স্টেডিয়ামে উপস্থিত হাজারো সমর্থক। এরপর গোলের জন্য মরিয়া চেষ্টা করেও ব্যর্থ দু’দল বিরতিতে যায় গোলশূন্য থেকেই।
দ্বিতীয়ার্ধে, দ্রুত বদলে যেতে থাকে ম্যাচের চিত্র। কর্দমাক্ত মাঠের প্রতিবন্ধকতা কাটিয়ে আরো আগ্রাসী হয়ে ওঠে জিলানীর শিষ্যরা। নিপু,সাদরা মুহুর্মুর্হু আক্রমণে কাপিয়ে দিতে থাকে আফগান রক্ষণদূর্গ। অবশেষে সফলতা আসে খেলার ৫৫ মিনিটে। সাদ উদ্দিনের বা পায়ের দুর্দান্ত শটে বল আফগানিস্তানের জালের ঠিকানা খুঁজে পেলে লাল সবুজের ফুটবলারদের সঙ্গে নেচে ওঠে পুরো স্টেডিয়াম।
পরে ম্যাচের ফিরে আসার প্রাণপণ চেষ্টা চালায় আফগান কিশোররা। বাংলাদেশও কম যায় না। বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেন জিলানীর শিষ্যরা। তবে, তাতে ক্ষতি হয়নি। একমাত্র গোলের সঙ্গে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে শাওনের দল।
ক্রীড়া প্রতিবেদক,সিলেট
নিউজওয়াল্র্ডবিডি ডটকম


