ইন্দোনেশিয়ায় ৫৪ জন আরোহী বহনকারী অভ্যন্তরীণ রুটের একটি বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর সন্ধানে এরই মধ্যে উদ্ধার মিশন ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। যাত্রীদের মধ্যে ৪৪ জন প্রাপ্ত বয়স্ক যাত্রী। ৫ জন শিশু ও ৫ জন ক্রু মেম্বার রয়েছেন। পাপুয়ার জয়াপুরা শহরের সেনটানি বিমানবন্দর থেকে উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জয়পুরার সেন্তানি বিমানবন্দর থেকে দক্ষিণাঞ্চলীয় ওকসিবিলে যাওয়ার পথে স্থানীয় সময় রোববার বিকাল ৩টার দিকে টিজিএন ২৬৭ ফ্লাইটটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান বামবাং সোয়েলিসটিও বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “বিমানটির কোনো সংকেত আমরা পাচ্ছি না।”
ত্রিগানা এয়ারের এটিআর ফর্টিটু টার্বোপ্রপ উড়োজাহাজটিতে ৪৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচটি শিশু ও পাঁচজন ক্রু ছিলেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।


